মোংলা বন্দরের প্রাণ শ্রমিকেরা, উন্নয়নে সেতু-সড়ক নির্মাণ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী
শুক্রবার, ১ মে, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্র বন্দর, যার প্রাণ হলো এখানকার শ্রমিকরা। তাদের নিরলস পরিশ্রমেই বন্দর সচল রয়েছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শুক্রবার (১ মে) মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন এবং তাদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে সবসময় সমর্থন দিতেন। একইভাবে তারেক রহমান-ও শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, মোংলা অঞ্চলের উন্নয়নে মোংলা নদী-তে সেতু নির্মাণ এবং নতুন সড়ক অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধি মো. আলাউদ্দিন ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন আলতু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
১৬৪ বার পড়া হয়েছে