ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, ভিডিও কলে পরিবারকে দেখিয়ে স্বীকারোক্তি
শুক্রবার, ১ মে, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ইতালির লেইজ শহরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক বিরোধ ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ব্যক্তি নয়ন ফকির এবং অভিযুক্ত তার বড় ভাই হুমায়ুন ফকির। তারা দুজনই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্র ও স্থানীয় তথ্য অনুযায়ী, বুধবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বড় ভাই হুমায়ুন ফকির ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয় বলে জানা যায়।
হত্যাকাণ্ডের পর আরও চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ুন ফকির ছোট ভাইয়ের রক্তাক্ত মরদেহ ভিডিও কলে দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের দেখান এবং নিজেই হত্যার কথা স্বীকার করেন। এ দৃশ্য দেখে পরিবার সদস্যরা হতবাক হয়ে কান্নায় ভেঙে পড়েন।
খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে এই ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহত নয়ন ফকিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
১৩৬ বার পড়া হয়েছে