দৌলতপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন
শনিবার, ২ মে, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
তারা আরও বলেন, শ্রমিকরা কোনো যন্ত্র নয়, বরং মানুষ হিসেবে তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা মালিক ও শ্রমিকের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, উভয় পক্ষের সহযোগিতামূলক মনোভাব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করে একটি সুস্থ কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
১৯০ বার পড়া হয়েছে