বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ: মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর ঘোষণা
শুক্রবার, ১ মে, ২০২৬ ২:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দীর্ঘদিন বন্ধ থাকা দেশের কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে বেকার শ্রমিকদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর রূপরেখা চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশের শিল্প খাত ধ্বংসের মুখে পড়ে এবং পরিকল্পিতভাবে দেশকে আমদানিনির্ভর করা হয়। একই সঙ্গে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
শ্রমিকদের কল্যাণে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানান তিনি।
ঢাকায় হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, শুধু উচ্ছেদ নয়, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রমিক ও কৃষক পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, খাল পুনঃখননসহ কৃষি ও সেচব্যবস্থা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সমাবেশে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে একটি মহল সক্রিয় রয়েছে। তবে জনগণের সমর্থন নিয়ে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে।
শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
১০৩ বার পড়া হয়েছে