ভালুকায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও সমাবেশ
শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভালুকা উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে ভালুকা বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুজ্জামান শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা নির্ধারণ, অনাকাঙ্ক্ষিত শ্রমিক ছাঁটাই বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতকরণ, কলকারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সময়মতো বেতন প্রদান এবং কর্মস্থলে দুর্ঘটনায় আহত শ্রমিকদের এককালীন আর্থিক সহায়তা প্রদান।
বক্তারা আরও বলেন, শিল্পাঞ্চল ভালুকায় শ্রমিকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। পাশাপাশি কলকারখানা ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভালুকা উপজেলা শাখা, যা শ্রমিক অধিকার ও কল্যাণে কাজ করে আসছে। সমাবেশে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
১৬০ বার পড়া হয়েছে