হরমুজ ইস্যুতে উত্তেজনা তীব্র, নতুন হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান
শুক্রবার, ১ মে, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থানও পুনর্ব্যক্ত করেছে তেহরান।
দুই মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হলেও সেটি এখনো কার্যত অচল। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা জোরালো হচ্ছে।
গত ৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি নিষেধাজ্ঞার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ রাখার অবস্থান থেকে সরে আসেনি দেশটি।
এদিকে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানকে আলোচনায় আনতে নতুন সামরিক পরিকল্পনা নিয়ে শিগগিরই ব্রিফিং করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির দাবি, ড্রোন ও নজরদারি বিমান প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে কঠোর পাল্টা আঘাত হানা হবে। একই বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
১১৮ বার পড়া হয়েছে