ফরিদপুরে ৫ দিন নিখোঁজ থাকার পর শিশুর মরদেহ উদ্ধার, ৫ জন জিজ্ঞাসাবাদে আটক
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর আইরিন আক্তার (কবিতা) নামে সাত বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আইরিন স্থানীয় বুকাইল আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা এবং রিকশাচালক বাকা মিয়ার মেয়ে। সে বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল রাত আনুমানিক আটটার দিকে আইরিন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তার বাবা বাকা মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে ঝোপের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এতে পচন ধরেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১১৮ বার পড়া হয়েছে