টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যালি ও মানববন্ধন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্যের দাবিতে র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়ার সহযোগিতায় টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গোপালপুর বাজার এলাকায় এ কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গোপালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে একই স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়া ম্যানেজার শশ্বতী নাগ, প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, ট্রেইনার হালিমা খানমসহ সিসিডিবির সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা খাদ্যে ভেজাল বন্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিশুসহ সাধারণ মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় ইউএনও জহিরুল আলম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হবে। প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্যে ভেজাল রোধ করে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।”
১১৮ বার পড়া হয়েছে