রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু, বেঁচে গেল শিশুকন্যা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।
নিহতের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সকালে প্রায় সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে বের হয়েছিলেন সুমন। পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হয়। এতে প্রচণ্ড আঘাতে শিশুটি বাবার কোলে থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মন্ডল মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বজ্রপাতে আহত ছোট্ট সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “মিজানপুর ইউনিয়নে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। সদর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।”
১৭৮ বার পড়া হয়েছে