সর্বশেষ

সারাদেশ

টানা ভারী বৃষ্টিতে ৫ জেলায় বন্যার আশঙ্কা, ২ জেলায় ইতিমধ্যে শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে শুরু হওয়া ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যা দেখা দিতে পারে, কারণ এসব এলাকার নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বুধবার সকালে জানান, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলগুলোতে আরও অবনতি হতে পারে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর গত মঙ্গলবার দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে পরবর্তী ৯৬ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং রাজধানীতেও বুধবার সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, যেখানে ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এই বৃষ্টি কোনো একটি নির্দিষ্ট এলাকায় একটানা হবে না; বরং থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে। তিনি আরও বলেন, বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের চারটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। এর মধ্যে মনু নদী ছাড়া বাকি তিনটি নদী নেত্রকোণা জেলার ওপর দিয়ে প্রবাহিত।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পার্থ প্রতীম বড়ুয়া বলেন, এসব নদী আকারে তুলনামূলক ছোট হওয়ায় ভারী বৃষ্টিপাতের সময় দ্রুত পানি বৃদ্ধি পায়।

তবে বৃষ্টি কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন