সিলেটে ডিবি-পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৬:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের যৌথ দল মহানগরের শাহপরাণ থানার পীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—জিহাদ উদ্দিন ওরফে জাহেদ আহমদ (৩২), তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের বাসিন্দা; এবং আব্দুর রহিম ওরফে তিতন (৪০), মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল জকিগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার সূত্র ধরে তদন্ত চালিয়ে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে পরিকল্পিত অভিযানে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিলেট জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। জিহাদ উদ্দিনের বিরুদ্ধে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও জালালাবাদ থানায় ডাকাতি ও চুরির অন্তত ৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে আব্দুর রহিমের বিরুদ্ধে মোগলাবাজার, শাহপরাণ, কোতোয়ালী মডেল, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ থানায় অস্ত্র আইনসহ ১০-১২টি মামলা রয়েছে।
সিলেট জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই দুর্ধর্ষ ডাকাতদের আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেফতারকৃতদের সোমবার (২৮ এপ্রিল) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে