সর্বশেষ

শিক্ষা

ফরিদপুরে ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে হইচই, দুই শিক্ষা কর্মকর্তা বদলি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন শিক্ষার্থীর অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিট কেন্দ্র থেকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুই কর্মকর্তাকে জেলার বাইরে বদলি করা হয়েছে।

জানা যায়, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। ১৮ এপ্রিল অনুষ্ঠিত ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা শেষে ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর শিট খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ বলেন, শেষ দিনের পরীক্ষার পরই ওএমআর শিট হারিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। তবে এতে শিক্ষার্থীদের ফলাফল প্রক্রিয়ায় বড় কোনো সমস্যা হবে না বলে তিনি জানান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) প্রয়োজনীয় তথ্য পুনরুদ্ধার করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় তাকে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে প্রশাসনিকভাবে বদলি করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেও লিখিতভাবে জানানো হয়েছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন