সর্বশেষ

সারাদেশ

এলপিজি কার্ড চালুর উদ্যোগ সরকারের, উলাসী খাল পুনঃখননের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, যশোর
স্টাফ রিপোর্টার, যশোর

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গ্যাস সংকট নিরসনে সরকার ‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি এবার এলপিজি কার্ডও দেওয়া হবে।

সোমবার যশোরের উলাসীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, রান্নাবান্নার ক্ষেত্রে গ্রামের ও শহরের মা-বোনদের অনেক কষ্ট করতে হয়। সেই কষ্ট লাঘবের লক্ষ্যেই এলপিজি কার্ড দেওয়া হবে, যাতে সহজে গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, যেভাবে সারা দেশের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে, একইভাবে এলপিজি কার্ডও তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে খাল খননের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কার্যক্রমও চালু রাখা হয়েছে।

এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে যশোরের উলাসী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে জনসমাগম লক্ষ্য করা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে উলাসী খালটি ভরাট ও অব্যবহৃত অবস্থায় ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দিত। খাল পুনঃখনন শুরু হওয়ায় তারা আশা করছেন, পানি ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান আসবে।

নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, প্রায় ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়ে যশোরের শার্শা উপজেলার বেতনা নদীর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য উলাসী-যদুনাথপুর এলাকায় প্রায় সাড়ে চার কিলোমিটার খাল খননের কাজ উদ্বোধন করেন। তার আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে এতে অংশ নেন এবং ছয় মাসের মধ্যেই খনন কাজ সম্পন্ন হয়। পরে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল তিনি খালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উলাসী গ্রামের প্রবীণ আবদুল বারিক মণ্ডল স্মৃতিচারণ করে বলেন, খাল খননের সময় রাষ্ট্রপতি হেলিকপ্টারে এসে স্কুল মাঠে অবতরণ করেন। পরে তিনি হেঁটে গিয়ে নিজ হাতে মাটি কাটেন এবং ঝুড়িতে তুলে দেন। সেই ঝুড়ি তার ভাই করিম বকস মণ্ডলের মাথায় তুলে দেওয়া হয়। এমনকি রাষ্ট্রপতি নিজেই তার ভাইয়ের মাথার টোকাও পরে নেন। উদ্বোধনের দিন সেখানে বিপুল মানুষের সমাগম হয়েছিল এবং পরবর্তীতে স্থানীয় জনগণসহ বিভিন্ন সরকারি বাহিনীর সদস্যরা খননকাজে অংশ নেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন