রাজশাহীতে শ্রমিকদের মানববন্ধন: পাখির গ্রেফতার ও ইউনিয়ন নির্বাচন দাবিতে কর্মসূচি
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী নগরীতে পরিবহণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা। কর্মসূচি থেকে শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির গ্রেফতার এবং দ্রুত ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকালে নগরীর ভদ্রা মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন পরিবহণ খাতের শ্রমিকরা অংশ নেন। এতে বক্তব্য দেন শ্রমিক নেতা শামীম, স্বপন, নাজমুল, লিটন, আজমত আলী, জাহাঙ্গীর, সাজ্জাদ হোসেন ও শিমুল।
বক্তারা অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল রাজশাহী বাস টার্মিনালে সাধারণ শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। তাদের দাবি, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা চালায়। হামলার সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
তাদের ভাষ্য, ওই ঘটনার পর থেকে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে আরও বলা হয়, শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠনের স্বচ্ছতা বজায় রাখতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজন করা প্রয়োজন। দাবি পূরণে বিলম্ব হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।
২০৪ বার পড়া হয়েছে