যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির পরিবারের পাশে জেলা প্রশাসন
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের প্রতি সমবেদনা জানাতে মাদারীপুরে তার গ্রামের বাড়িতে গেছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।
এ সময় বৃষ্টির স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। বৃষ্টির বাবা জহিরউদ্দিন দ্বীন মোহাম্মদ ঢাকায় অবস্থান করায় তার সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানান তিনি এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
জানা গেছে, গত শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পা এলাকায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন স্থান থেকে জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘারবেইহকে আটক করা হয়েছে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহটি উদ্ধার করা হয়। তবে ময়নাতদন্ত সম্পন্ন না হওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
বৃষ্টির পরিবারের দাবি, এখনো তার মরদেহের সঠিক সন্ধান পাওয়া যায়নি। পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিভিন্ন মাধ্যমে তারা জেনেছেন, উদ্ধার হওয়া দেহাংশ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, নাহিদা সুলতানা বৃষ্টি ঢাকার মিরপুরের নাহার একাডেমি হাইস্কুল থেকে এসএসসি এবং শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি—দুই পরীক্ষাতেই জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেন। পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। পরবর্তীতে ফুল স্কলারশিপ নিয়ে ২০২৫ সালের ২৫ আগস্ট ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সর্বশেষ বৃষ্টি ও জামিলকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় দেখা যায়। পরদিন তাদের সঙ্গে যোগাযোগ না পেয়ে স্বজনরা নিখোঁজ ডায়েরি করলে তদন্ত শুরু হয়।
জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “বৃষ্টির মৃত্যু আমাদের সবার জন্যই অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার পরিবারের পাশে আছি।” তিনি আরও জানান, মরদেহ শনাক্ত হলে তা দেশে আনতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।
১২২ বার পড়া হয়েছে