কষ্ট বিলাশ
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিতার সাথে সংসারের ঘানি টানা প্রথম সন্তান
বাল্য স্নেহ বঞ্চিত কষ্ট, তাকদিরের অযাত্রা শুরু তখনই,
তবুও এরই মাঝে নিজের চেষ্টায় পড়ালেখা সচল রাখা
ভবিষ্যতে ভালো জীবনের প্রত্যাশায়।
আদর-স্নেহ বঞ্চিত কষ্টের কৈশোর শেষে যৌবনে পদার্পণ
ছোট্ট ভাই বোনের দায়িত্ব পালনে জীবন ও পেশায় নতুন সিদ্ধান্ত, মানবিকতায় অপরের ভাবনায় সদা সারথী
নৈতিকতা বিবেচনায় তাও বাস্তবায়নে পিছুটান,
নিজ চেষ্টায় ব্যবসা-চাকুরীতে অবগাহন নতুন প্রভাত হতভাগার—
হঠাৎ বিয়ে নামক অসম মহাসমুদ্রে মাঝি বনে যাওয়া
একজন কায়িক কামলা, অপ্রতিরোধ্য তরতাজা যুবক
বেকারত্বের নতুন যন্ত্রণায় দুর্বিষহ জীবন চলার নব বারতা।
নিয়তির নির্মমতায় পিতা কিংবা মাতৃবিয়োগ, তাদের নতুন সংসার
টানাপোড়নের ব্যাপ্তি বিরামহীন অসীম আঁধার,
এখানেও স্নেহ, ভালোবাসা, মমতা, মায়া যেন স্বপ্নময় সহযাত্রীর অভাব
পিতা ও সহোদরের সাথে ঠুনকো হেতু বনিবনা না হওয়ায় বাস্তভিটা থেকে বিতাড়িত।
হায়রে বড়’র জীবন সংগ্রাম! অথচ—জন্মলগ্নে নিকট প্রিয়জনদের কী খুশির মিষ্টিমুখ!
প্রিয়জন, আত্মীয়-স্বজন চেয়ে থাকে কত কিছুর জন্য আশা নিয়ে,
বড় হয়ে গাধা হলেও সহায়তা দিতে ব্যর্থতাই খুব খারাপ, প্রিয় হওয়া আমিত্ব করা আমি।
অপেক্ষা, উপেক্ষা, অপমান আর লাঞ্ছিত এক জীবন্ত লাশ
দুঃখ, কষ্ট, বেদনা আর যন্ত্রণার নিত্য যোদ্ধা
উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা আর ধৈর্যের অপার মিশেল তাড়া প্রতিক্ষণ,
নির্মল, নির্মোহ নির্ভরতা, আস্থা অবারিত কোথায়?
পাথর চাপা বুকে কষ্টের ফেরিওয়ালার কী মূল্যই আছে জগত সংসারের রুটিন যজ্ঞে?
চাকুরি আছে, ব্যবসা আছে, আশানুরূপ সম্মানী বেতন নাই
স্ত্রী, সন্তান, বন্ধু, প্রতিবেশী দুঃখ বোঝেনি,
তবুও অপ্রতিরোধ্য বুলেট গতিতে চলছে জীবন গাড়ি
বাস্তবিক সবাই শুধু সুবিধা পেতে অধীর আগ্রহী—উন্মাদ।
শখ বা ইচ্ছে পূরণ কল্পনায় থাকা নতুন কিছু নয় এবেলা
আপন হই, আপন সাজি না সুবিধাবাদীর চরিত্রে।
হতাশা, প্রাপ্তি কিংবা যোগ-বিয়োগের জীবন একাউন্টে
জমা-খরচের হিসেব নাইবা করলাম প্রকাশ।
প্রত্যাশা আর প্রাপ্তির বেড়াজালে অব্যক্ত কথাগুলো যেন আজ
বোবার কষ্ট বিলাশ বৈকি।
সম্মান, ভালোবাসা, প্রশান্তি, কল্যাণ কামনা কী নেই কোথাও?
নিজের কলিজা ভুনা করে দিলেও খুশি হয় না প্রিয়জন!
হয়তো বলবেই—কী করেছিস আমার জন্য?
ধ্বংস আর প্রতিহিংসার মায়াজালে নির্মম বেদনা
মোমবাতির মতো নিঃশেষ হচ্ছে কত হতভাগা, হিসেব নেই।
সংসারের ঘানি টানতে টানতে চুল সাদা হলেও মূল্যায়ন অনুপস্থিত এসব বড় গাধাদের ফাটা নসীবে।
উপেক্ষা, অনুশোচনা, দয়া-মায়াহীনতা, অবজ্ঞা আর অবমূল্যায়নে—
ঝালাপালা টর্নেডোর তাণ্ডব বাস্তব শিক্ষা দেয় প্রতিদিন।
নিজের খেয়ে বনের মোষ তাড়ানো স্বভাব কিংবা
ভালো কিছুর প্রত্যাশাও একদিন মন্দ হবে।
পোড় খাওয়া বন্ধুদের আড্ডা জাগ্রত প্রেরণার উৎস, বাঁচার প্রতিফলন
এখানেই গোমর থেকে সামান্য উচ্চকিত জীবনের ঘ্রাণ খোঁজা।
জীবনভর স্নেহ, আদর, ভালোবাসা, সুখ না পাওয়ার বেদনা
ব্যর্থতা, শোক, কষ্ট, দুঃখ চলার ছায়াসম সাথী।
জীবন যুদ্ধে বাসা-খাদ্য-খাবার আর পোশাক সাদামাটা হলেও
ভালোবাসা আর মূল্যায়ন না পেতে পেতে আষাঢ় ধূসর ভবিষ্যৎ
আরো দুর্বিষহ অন্ধকার, আরো ঘোর কালো অমানিশা!
কোথায় স্বস্তি, আদর, স্নেহ, সুখ, ভালোবাসা আর যৌক্তিক মূল্যায়ন?
ভাগ্যের নিদারুণ পরিহাস, এসব গাধার জন্যই নির্ধারিত হয়তো চিরকাল!
নাকি কষ্টের বিষাদসিন্ধুই জীবন? হয়তো এটাই জীবন! যাপিত জীবন!
আর পরকালে কী অপেক্ষমাণ, তা সৃষ্টিকর্তাই মালুম!
১৫৫ বার পড়া হয়েছে