মুন্সীগঞ্জে ৮ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটিকে জরিমানা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৩:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর হাসপাতালে সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৮টি ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযানে মেডিস্টার, রেনেসা, সিটি ডায়াগনস্টিক, নিউ স্কয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রয়োজনীয় লাইসেন্স—স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স ও ফায়ার সার্ভিস লাইসেন্স—যাচাই করা হয়। পাশাপাশি ল্যাবে কর্মরত টেকনিশিয়ানদের যোগ্যতা, এক্স-রে মেশিন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের লাইসেন্স এবং পরীক্ষায় ব্যবহৃত রিয়েজেন্টের মেয়াদও পরীক্ষা করা হয়।
অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া ল্যাব ও এক্স-রে কার্যক্রম পরিচালনার দায়ে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
১২২ বার পড়া হয়েছে