প্রেমের টানে ভেড়ামারায় চীনা তরুণ, আদালতে সম্পন্ন বিয়ে
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় ছুটে এসেছেন চীনের এক তরুণ। অনলাইনে গড়ে ওঠা সম্পর্কের পর অবশেষে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন তিনি।
চীনা নাগরিক চেন বাও মিং (২৪) এবং ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের বাসিন্দা তাসলিমা খাতুনের (২০) মধ্যে প্রায় এক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবারের সম্মতিতে গত সোমবার (২০ এপ্রিল) কুষ্টিয়ায় এসে আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তাসলিমা স্থানীয় বাসিন্দা মধু মোল্লার মেয়ে। অন্যদিকে চেন বাও মিং চীনের গাতসু প্রদেশের দাবান চাউন চেনজিয়া গ্রামের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, তাসলিমার বাড়িতে স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের ভিড় জমেছে। বিদেশি বরকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন সেখানে।
পারিবারিক সূত্র জানায়, অনলাইনে পরিচয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে যোগাযোগ ছিল। চেন বাও মিংয়ের পরিবারের সম্মতি পাওয়ার পর তিনি ঢাকায় আসেন এবং সেখান থেকে তাসলিমার বাড়িতে যান। পরে স্থানীয়দের পরামর্শে তারা কুষ্টিয়ায় গিয়ে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেন।
তাসলিমা খাতুন বলেন, “দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি খুবই আনন্দিত।”
চেন বাও মিং বলেন, “আমি আমার স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই। তার কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। আমি তাকে ভালোবাসি এবং তার পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তাদের ব্যবহার খুবই আন্তরিক।”
এদিকে, এ বিয়ে নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে দুই সংস্কৃতির সুন্দর মেলবন্ধন হিসেবে দেখছেন, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও প্রকাশ করছেন।
১২০ বার পড়া হয়েছে