আগামী ২৮ এপ্রিল রূপপুরে জ্বালানি লোডিং শুরু, আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বিদ্যুৎ
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৮ এপ্রিল থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকছেন না। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার প্রতিনিধিদলসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিং সম্পন্ন হলে রূপপুর প্রকল্পের উৎপাদন প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে। তার আশা, আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরু নাগাদ প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে, যার ফলে জ্বালানি লোডিংয়ের পথ উন্মুক্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩০ থেকে ৪০ দিন সময় লাগতে পারে। এরপর বিভিন্ন ধাপে নিরাপত্তা পরীক্ষা ও বিশ্লেষণ চালানো হবে, যা প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল পর্যায় হিসেবে বিবেচিত।
পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকায় পদ্মা নদীর তীরে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এখানে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপন করা হয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশেরও বেশি পূরণ করবে।
১২১ বার পড়া হয়েছে