বার্মিংহাম ফিনিক্সে বিনিয়োগ করলেন জুড বেলিংহাম
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফুটবল তারকা জুড বেলিংহাম এবার যুক্ত হলেন ক্রিকেটের সঙ্গে। ইংলিশ এই মিডফিল্ডার ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল বার্মিংহাম ফিনিক্সে ১.২ শতাংশ মালিকানা কিনেছেন।
এই দলে খেলছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানও।
বেলিংহাম মনে করেন, বার্মিংহাম শহরের কাছে তিনি গভীরভাবে ঋণী। শৈশব ও বেড়ে ওঠা এই শহরের উপকণ্ঠ স্টারব্রিজে হওয়ায় শহরটির সঙ্গে তার রয়েছে আবেগের সম্পর্ক। সেই ভালোবাসা থেকেই তিনি প্রায় ১০ লাখ পাউন্ড বিনিয়োগ করে ফ্র্যাঞ্চাইজিটির সামান্য অংশীদার হয়েছেন।
বার্মিংহাম সিটি থেকে ফুটবল ক্যারিয়ার শুরু করেন বেলিংহাম। পরে বরুশিয়া ডর্টমুন্ডে খেলে নিজেকে বিশ্ব ফুটবলে প্রতিষ্ঠিত করেন তিনি। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন এবং ২০২৪ সালে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ইংল্যান্ড জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তিনি, এখন পর্যন্ত খেলেছেন ৪৬টি ম্যাচ।
শৈশবে ওয়ারউইকশায়ারের হ্যাগলি ক্রিকেট ক্লাবে ক্রিকেট খেলতেন বেলিংহাম। ফলে ক্রিকেটের প্রতিও তার রয়েছে আলাদা ভালোবাসা।
বেলিংহাম বলেন, “আমি বার্মিংহামকে ভালোবাসি। এই শহর আমার জন্য যা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি ক্রিকেটও ভালোবাসি, তাই যুক্ত হওয়ার সুযোগ পেয়ে দ্বিতীয়বার ভাবিনি।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, এই শহরের কাছে আমি ঋণী। ফুটবলের ব্যস্ততার কারণে সরাসরি সময় দেওয়া কঠিন, তবে অন্যভাবে সহায়তা করার সুযোগ পেলে আমি অবশ্যই তা করতে চাই।”
উল্লেখ্য, দ্য হান্ড্রেডে আটটি ফ্র্যাঞ্চাইজি বিক্রির অংশ হিসেবে বার্মিংহাম ফিনিক্সে নতুন মালিকানা কাঠামো তৈরি হয়। এতে ওয়ারউইকশায়ার ও যুক্তরাষ্ট্রভিত্তিক নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট বড় অংশীদারিত্ব ধরে রাখে। বেলিংহাম দুই পক্ষ থেকেই ০.৬ শতাংশ করে শেয়ার কিনে মোট ১.২ শতাংশ মালিকানা অর্জন করেন।
১২৩ বার পড়া হয়েছে