নেত্রকোণার মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোণার মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকাল প্রায় পৌনে ৪টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে কাজিয়াটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় প্রায় ২০০ গজ দূরে রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, এখনো নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার হাতে শাখা থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রেললাইনে অসতর্ক চলাচল এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
১৭৫ বার পড়া হয়েছে