বিয়ানীবাজারে এসএসসি–দাখিল পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনেই তিন ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা শুরুর পর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বুধবার বিয়ানীবাজার থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজদের মধ্যে দুজন এসএসসি এবং একজন দাখিল পরীক্ষার্থী। প্রথম দিন পরীক্ষা দিতে বের হওয়ার পর একজন ছাত্রী কেন্দ্রে উপস্থিত হলেও পরীক্ষায় অংশ নেননি। বাকি দুইজন পরীক্ষা শেষে বাড়ি ফেরার কথা থাকলেও তারা আর ফিরে আসেনি।
নিখোঁজদের মধ্যে একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী, যার পরীক্ষা কেন্দ্র ছিল মাথিউরা সিনিয়র মাদ্রাসা। অন্য দুইজন এসএসসি পরীক্ষার্থী। তাদের একজন চরিয়া গ্রামের বাসিন্দা, যার কেন্দ্র ছিল দুবাগ স্কুল অ্যান্ড কলেজ। আরেকজন বিয়ানীবাজার পৌর শহরের নয়াগ্রামের, তিনি পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। পরে থানায় জিডি করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তিনজন পরীক্ষার্থীকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অপহৃত হয়নি; বরং স্বেচ্ছায় কোথাও চলে গেছে। খুব দ্রুত তাদের খুঁজে বের করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে হঠাৎ করে তিন পরীক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলোর মধ্যে চরম দুশ্চিন্তা ও আতঙ্ক বিরাজ করছে।
২৩১ বার পড়া হয়েছে