ঝুলন্ত গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ২:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের বিশ্বনাথে ঝড়ের সময় ঝুলে থাকা গাছের ডাল মাথায় পড়ে সেবুল আহমেদ (সেবুল মিয়া) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কামাল বাজার–বাবনা সড়কের লামা হাজরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেবুল আহমেদ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। কর্মজীবনে তিনি গ্রামীণ ব্যাংকের সিলেট সদর উপজেলার টুকের বাজার শাখায় কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যাংকের কাজ শেষ করে মোটরসাইকেলে করে সিলেট শহরের বাসায় ফিরছিলেন সেবুল আহমেদ। পথে তেমুখী বাইপাস হয়ে কামাল বাজার–বাবনা সড়ক দিয়ে যাওয়ার সময় লামা হাজরাই এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ঝুলন্ত গাছের ডাল তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, পূর্ববর্তী ঝড়ের কারণে গাছটির একটি ডাল ভেঙে ঝুলন্ত অবস্থায় ছিল, যা পরবর্তীতে এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
১২০ বার পড়া হয়েছে