কলাপাড়ায় অবৈধ তিন ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবৈধভাবে স্থাপিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিলসহ ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ‘দেশ ব্রিকস’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ‘ভাই ভাই ব্রিকস’ ও ‘মেসার্স বিসমিল্লাহ ব্রিকস’-কে পৃথকভাবে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারা অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১২১ বার পড়া হয়েছে