টঙ্গিবাড়ীতে কবর পাহারা নিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সদ্য দাফন করা এক কিশোরের কবরকে কেন্দ্র করে লাশ চুরির আশঙ্কায় পিতার দিন-রাত পাহারা দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত উপজেলা প্রশাসনের নজরে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পর পরিবারের মধ্যে কবর থেকে লাশ চুরির ভয় তৈরি হয়। এর ফলে নিহত কিশোরের পিতা মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে কবরের পাশে অবস্থান নিয়ে নিয়মিত পাহারা দিতে থাকেন।
ঘটনার সত্যতা যাচাই ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার (২২ এপ্রিল/২০২৬) টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের মানসিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারকে আশ্বস্ত করেন যে, কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি তাৎক্ষণিকভাবে দুইজন গ্রাম পুলিশকে কবরস্থানে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং ভবিষ্যতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কামারখারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু, টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশাসনের এ দ্রুত পদক্ষেপে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
১১৬ বার পড়া হয়েছে