বকশীগঞ্জে পুকুর থেকে উদ্ধার বোমা সদৃশ মর্টারশেল, এলাকায় চাঞ্চল্য
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে বোমা সদৃশ মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে এটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক নারী ছাগল নিয়ে পুকুরপাড়ে ঘাস খাওয়াতে যান। এ সময় তিনি পুকুরের এক পাশে মরচে ধরা একটি বস্তু দেখতে পান, যা প্রথমে লোহার টুকরো বলে ধারণা করা হয়েছিল। পরে স্থানীয়রা সেটি পর্যবেক্ষণ করে বোমা সদৃশ মর্টারশেল হিসেবে সন্দেহ করলে দ্রুত বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয় এবং নিরাপত্তার স্বার্থে পুকুরপাড়েই পাহারায় রাখে।
স্থানীয়দের ধারণা, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে ব্যবহৃত কোনো মর্টারশেল হতে পারে, যা বিস্ফোরিত না হয়ে দীর্ঘদিন ওই স্থানে পড়ে ছিল।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, মর্টারশেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।
২২৫ বার পড়া হয়েছে