হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান টানাপোড়েন, ট্রাম্পের বিস্ফোরক দাবি
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই প্রণালিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘পুরোপুরি অবরুদ্ধ’ রয়েছে, যদিও ইরান এটি খুলে দিতে আগ্রহী।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়। তার ভাষায়, প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হচ্ছে তেহরান, তাই তারা এই পথ চালু রাখতে চায়।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান প্রকৃতপক্ষে প্রণালি বন্ধ রাখতে চায় না; বরং পরিস্থিতি সামাল দিতে ‘মুখরক্ষার’ জন্য এমন অবস্থান নিচ্ছে। তিনি উল্লেখ করেন, কয়েকদিন আগেই তাকে জানানো হয়েছিল—ইরান দ্রুত প্রণালি খুলে দিতে আগ্রহী।
এদিকে, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়েও কঠোর অবস্থান প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ না হলে ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি সম্ভব নয়।
হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। এই প্রণালি ঘিরে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
১০৫ বার পড়া হয়েছে