নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে নেপিয়ার ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে এ সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির ভোগদখল নিয়ে একই এলাকার দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আঃ সালাম মিয়ার ছেলে নোমানুজ্জামান মিয়া বাড়ির পাশের জমিতে নেপিয়ার ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের আবু সাঈদ মিয়া (৭০), তার ছেলে শওকত মিয়া (৪২) ও সোয়াইব মিয়া (২০) দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, কাঁচি, রামদা ও কাঠের বৈঠা নিয়ে হামলা চালায়। এতে নোমানুজ্জামান, পারভীন আক্তার সুইটি, রিকু আক্তার ও রোহান আহত হন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় আহতদের চিৎকারে অন্য সদস্যরা এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এ সময় এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে আবু সাঈদ মিয়া বলেন, “তারা মামলা করেছে, আমরাও মামলা করবো।”
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫৭ বার পড়া হয়েছে