ফরিদপুরে মানব পাচারচক্রের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতারের দাবি
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, একটি চক্র বিদেশে নারী-পুরুষ পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্ধশতাধিক পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।
তাদের দাবি, চক্রটি ভুয়া ভিসা ও জাল কাগজপত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। অনেককে বিদেশে পাঠানোর কথা বলে নিয়ে গিয়ে সেখানে আটকে রাখা হয় এবং মানব পাচারের মতো অপরাধে জড়িয়ে ফেলা হয়। পরে চরম দুর্ভোগ সহ্য করে অন্তত সাতজন দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন।
মানববন্ধন থেকে অভিযুক্ত ইমরান কাজী, তার ছোট ভাই ইলিয়াস কাজী, বোন শারমিন কাজী ও তাদের পিতা মিলু কাজীসহ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ারও দাবি তোলা হয়।
এ সময় বক্তব্য দেন ভুক্তভোগী বিপুল মাতুব্বর, ইকরাম শিকদার ও ওহাব সিকদারসহ অনেকে। তারা বলেন, এ ধরনের প্রতারণা ও মানব পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার জন্য। কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১২৪ বার পড়া হয়েছে