কুমারখালীতে পারিবারিক বিরোধে বড় ভাইকে হত্যা, অভিযুক্ত ছোট ভাই পলাতক
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী-বানিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি ফেরি করে পণ্য বিক্রি করতেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পর ছোট ভাই জহুরুলের সঙ্গে রাশেদের বাকবিতণ্ডা হয়। এর জেরে সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে জহুরুল ধারালো অস্ত্র দিয়ে রাশেদকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১২৩ বার পড়া হয়েছে