কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় গঙ্গাস্নানে ভক্তদের ঢল
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পুণ্যলাভের আশায় সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো সনাতন ধর্মাবলম্বী গঙ্গাস্নান করেছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের আয়োজনে অনুষ্ঠিত অক্ষয় তৃতীয়াব্রত সনাতন ধর্ম সম্মেলনে ভোর ৫টা থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মায়ের পূজা শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয় বলে দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। এছাড়া বেদব্যাস ও গণেশ এই দিনেই মহাভারত রচনার কাজ শুরু করেন বলে বিশ্বাস করা হয়। এদিনই সত্যযুগের সমাপ্তি হয়ে ত্রেতাযুগের সূচনা ঘটে এবং রাজা ভগীরথের প্রচেষ্টায় গঙ্গা দেবীর মর্ত্যে অবতরণের ঘটনাও এই তিথির সঙ্গে সম্পর্কিত বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।
ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী হরপ্রিয়া দেবী এবং পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের সভাপতি এবং বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। ধর্মীয় আলোচনা করেন ভক্ত গৌর গোবিন্দ দাস, ভক্ত শ্রী শ্যামল সুন্দর দাস, ভক্ত শ্রী গোবিন্দ দেবনাথসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জয়দেব ভক্তবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।
প্রতিবছরই দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে গঙ্গাস্নানের জন্য কুয়াকাটায় সমবেত হন। এ সময় হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সমুদ্র সৈকত। স্নান শেষে অনেকেই পরিবার নিয়ে গীতা পাঠ করেন, আবার কেউ কেউ ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেন।
পিরোজপুর থেকে আগত ভক্ত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, এই দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। তাঁর মতে, এই তিথিতে স্বয়ং নারায়ণ গঙ্গায় অবস্থান করেন, তাই এ দিনে গঙ্গাস্নান করলে জীবনের দুঃখ-কষ্ট ও রোগব্যাধি দূর হয় এবং জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন বলেন, প্রতিবছরের মতো এবারও অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রশাসনের সার্বিক সহযোগিতা পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছিল বলেও তিনি জানান।
১২৩ বার পড়া হয়েছে