বরগুনায় অক্ষয় তৃতীয়ায় ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন ও মাতৃ-পিতৃ পূজা অনুষ্ঠিত
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে বরগুনায় ৪০ প্রহর ব্যাপী গুরুনাম সংকীর্তন উপলক্ষে মা-বাবার প্রতি সন্তানের ভক্তি ও সমাজের নানা অনাচার দূর করার লক্ষ্যে মাতৃ-পিতৃ পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
রবিবার বেলা ১১টায় বরগুনা সার্বজনীন আখড়াবাড়ীতে ৫০ জন সন্তান তার মা ও বাবাকে পূজা করেছে। মাদক ও মোবাইল আসক্তি থেকে মুক্ত থাকা এবং সমাজের বিভিন্ন অনাচার দূর করে পারিবারিক সুশিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে, মা-বাবার প্রতি সন্তানের মমত্ববোধ অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে বরগুনায় এই মাতৃ-পিতৃ পূজা অনুষ্ঠিত হয়।
এর আগে ৬০তম শুরুনাম সংকীর্তন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আখড়াবাড়ী থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বাদ্যযন্ত্রসহ সবাই গুরুনাম সংকীর্তন করতে থাকেন।
এরপর শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে ৫ দিনব্যাপী ৪০ প্রহর গুরুনাম সংকীর্তন শুরু হবে। কীর্তন উপলক্ষে শত শত সনাতন ধর্মাবলম্বী ধর্মপ্রাণ মানুষ গুরুনাম সংকীর্তন শ্রবণ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন।
বরগুনায় অবধূত সংঘের আয়োজনে এই পূজা ও গুরুনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা অবধূত সংঘের সাধারণ সম্পাদক বিজন দাস জানান, মাদক ও সমাজের অনাচার দূর করা এবং বাবা-মা ও পরিবারের প্রতি মমত্ববোধ জাগ্রত করে সুশৃঙ্খল জীবন গঠনের লক্ষ্যে বরগুনায় প্রথমবারের মতো এই মাতৃ-পিতৃ পূজার আয়োজন করা হয়েছে।
সংঘের সভাপতি দীপক কর্মকার জানান, গুরুনাম সংকীর্তন সাত দিনব্যাপী চলমান থাকবে। এই কীর্তনে সনাতন ধর্মের শত শত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন। বরগুনা জেলা ও দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে আত্মশুদ্ধির জন্য গুরুনাম সংকীর্তন শ্রবণ করবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন।
আগামী ২৫ এপ্রিল শনিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই গুরুনাম সংকীর্তন শেষ হবে।
১৭৩ বার পড়া হয়েছে