সর্বশেষ

জাতীয়

রিহ্যাব নির্বাচন

সভাপতি নির্বাচিত হলেন আলী আফজাল, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল। তিনি মোট ২৩২ ভোট পেয়ে এই পদে বিজয়ী হন।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার ও বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট। এছাড়া জাগরণ প্যানেলের প্রার্থী মোকাররম হোসেন খান পান ৯০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল খায়ের সেলিম পান ১২ ভোট।

নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার হিসেবে অংশ নেওয়া মো. আলী আফজাল শুধু সভাপতি পদেই নয়, সহসভাপতি পদেও তার প্যানেলের প্রাধান্য লক্ষ্য করা গেছে। ছয়টি সহসভাপতি পদের মধ্যে চারটিতে জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা, আর বাকি দুটি পদ গেছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের ঝুলিতে।

সিনিয়র সহসভাপতি পদে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের আবদুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী ভূঁইয়া পেয়েছেন ২১৪ ভোট।

সহসভাপতি পদে প্রগতিশীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আবু খালিদ মো. বরকতুল্লাহ, এ এফ এম উবাইদুল্লাহ ও মো. হারুন অর রশিদ। অন্যদিকে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকতার বিশ্বাস ও মোহাম্মদ মোরশেদুল হাসান (চট্টগ্রাম অঞ্চল)।

পরিচালক পদে সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. লাবিব বিল্লাহ। এছাড়া উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব সমান ৩০৪ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন— এ জেড এম কামরুদ্দিন, মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, এন জোহা, মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সরদার ও গোলাম কিবরিয়া মজুমদার।

মোট ২০ জন পরিচালকের মধ্যে ১১ জন নির্বাচিত হয়েছেন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে এবং ৯ জন প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ থেকে।

সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে গণনা সম্পন্ন হয় এবং দিবাগত রাত একটার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন