রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ শিশু সহ মোট ৯ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সোয়া ১টার দিকে।
নিহতরা হলেন সখিপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) এবং মিলন মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুর ১টার দিকে মুষলধারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সখিপুর গ্রামের পুকুরে মাছ ধরতে এবং গোসল করতে নামা অবস্থায় তালেব উদ্দিন ও মিলন মিয়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় ৪ শিশু সহ ৯ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত মিলন মিয়ার চাচাতো ভাই মোস্তফা জানান, তিনি পুকুরে মাছ ধরতে নেমেছিলেন। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং বিকট শব্দে বজ্রপাত আঘাত হানে। এতে তিনি পুকুরেই মারা যান। পরে স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাদ মাগরিব জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হবে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিক সাংবাদিকদের জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। স্বজনরা মরদেহ উদ্ধার করে দাফনের প্রস্তুতি নিচ্ছেন।
১১৯ বার পড়া হয়েছে