হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে গুলি, ক্রু নিরাপদ; উদ্বেগ বাড়ছে
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।
তবে ট্যাংকার ও এর ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি ঘিরে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)-এর বরাতে আলজাজিরা জানায়, হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গুলিবর্ষণের বিষয়ে তারা একটি প্রতিবেদন পেয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত দুটি গানবোট ওই ট্যাংকারকে লক্ষ্য করে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে।
UKMTO আরও জানায়, ট্যাংকারের ক্যাপ্টেন জানিয়েছেন—দুটি গানবোট কোনো ধরনের রেডিও সতর্কবার্তা বা চ্যালেঞ্জ ছাড়াই হঠাৎ গুলিবর্ষণ শুরু করে।
তবে ঘটনায় ট্যাংকার এবং এর ক্রু সদস্যরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে অবৈধভাবে সামরিকীকরণের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। তিনি বলেন, কোনো পক্ষকে একটি আন্তর্জাতিক নৌপথকে অবৈধভাবে অস্ত্রসজ্জিত করার সুযোগ দেওয়া হলে তা একটি নেতিবাচক নজির তৈরি করবে এবং অন্যান্য সমুদ্রপথও ঝুঁকির মুখে পড়তে পারে।
স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ এপ্রিল) ফ্রান্স ও যুক্তরাজ্যের আয়োজনে হরমুজ প্রণালী বিষয়ক একটি ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, হরমুজ প্রণালীতে এমন নজির তৈরি হলে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ মালাক্কা প্রণালীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সমুদ্র রুটও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই এ পথে বিশ্ব এগোতে পারে না।
তিনি আরও সতর্ক করে বলেন, “নৌচলাচলের স্বাধীনতা লঙ্ঘন করা একটি বিপজ্জনক নজির তৈরি করে, যা বিশ্বকে নিয়মের পরিবর্তে বলপ্রয়োগ ও জবরদস্তির দিকে ঠেলে দেবে।”
জাতিসংঘের সমুদ্র আইন সনদ (UNCLOS)-এর অধীনে ট্রানজিট চলাচলের অধিকার রয়েছে উল্লেখ করে লরেন্স ওং বলেন, নৌচলাচলের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো সবার জন্য উন্মুক্ত, নিরাপদ ও সহজলভ্য রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থে অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বর্তমান যুদ্ধবিরতির মধ্যে সব পক্ষকে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধানের দিকে কাজ চালিয়ে যেতে হবে।
১২৬ বার পড়া হয়েছে