মহেশখালী ও চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তেলের বড় চালান, আজ আনলোডিং শুরু
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে ৬৯ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে শুক্রবার বিকেলে মহেশখালীর এফএসআরইউতে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ ‘লোবিটো’।
জাহাজটির লোকাল শিপিং এজেন্ট ইউনিগ্লোবাল জানায়, জাহাজটি শুক্রবার বিকেল ৫টার দিকে মহেশখালীতে এসে পৌঁছেছে। আজ শনিবার জাহাজটিকে বার্থিং করে কার্গো আনলোডিং শুরু হবে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, নাইজেরিয়া থেকে প্রায় ৬০ হাজার টন এলএনজি নিয়ে আরেকটি জাহাজ আগামী ২২ এপ্রিল মহেশখালীতে এসে পৌঁছানোর কথা রয়েছে।
গত বুধবার অস্ট্রেলিয়া থেকে ৬৪ হাজার ৬৭৮ টন এলএনজি নিয়ে একটি চালান বহনকারী গ্রিসের পতাকাবাহী জাহাজ ‘মারান গ্যাস হাইড্রা’ নোঙর করেছিল। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ৬৯ হাজার টন করে এলএনজি কার্গো নিয়ে আরও দুটি জাহাজ মহেশখালীতে ভিড়েছিল।
এদিকে, চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসেছে। এর মধ্যে তিনটি জাহাজে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং অন্যটিতে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে।
এর মধ্যে বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করা ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি থেকে ইতোমধ্যে লাইটারিং শুরু হয়েছে। এটি আজ শনিবার চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা জানিয়েছেন, ১৭ এপ্রিল চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরের নৌসীমানায় পৌঁছায়। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকটি জাহাজ আসার কথা রয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল নিয়ে পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’, ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি নেভি সিয়েলো’ এবং ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চীনের পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজ তিনটি বর্তমানে বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে।
১৮৭ বার পড়া হয়েছে