সর্বশেষ

জাতীয়

রিহ্যাব নির্বাচন ঘিরে পক্ষপাতের অভিযোগ, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক প্রার্থী। নির্বাচনকে ঘিরে পক্ষপাতমূলক আচরণ ও অনিয়মের আশঙ্কা প্রকাশ করে তারা সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে সংশয় জানিয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্বতন্ত্র সভাপতি প্রার্থী ও নবো উদ্যোগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল খায়ের সেলিম, জাগরণ প্যানেলের সভাপতি প্রার্থী ও ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এবং রিহ্যাবের সাবেক সভাপতি মোকাররম হোসেন খান, এবং প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. মো. আলী আফজাল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনার শুরু থেকেই একপক্ষীয় আচরণ করছেন, যা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের দাবি, দেশের অন্যতম শীর্ষ এ সংগঠনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সবার প্রত্যাশা হলেও তা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।

একজন প্রার্থী বলেন, বর্তমান কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতিসহ অধিকাংশ নেতৃবৃন্দ ঐক্য পরিষদ প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মনোনীত নির্বাচন কমিশনারের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসার জন্য নানা অনিয়মের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি আচরণবিধি লঙ্ঘন করে একটি হোটেলে নির্বাচনী প্রচারণা চালানোর পরও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বলেও দাবি করা হয়।

অন্য এক প্রার্থী জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হলেও রাত পর্যন্ত সে বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার জহুরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, রিহ্যাবের এ নির্বাচন আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন