রিহ্যাব নির্বাচন সামনে রেখে প্রগতিশীল প্যানেলের পরিচিতি, উন্নয়নে নানা প্রতিশ্রুতি
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচন ২০২৬-২০২৮ সামনে রেখে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ তাদের প্যানেল পরিচিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে রিহ্যাব সদস্যদের সম্মানে এক ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সাধারণ ভোটারদের পক্ষ থেকে বক্তব্য দেন সাখাওয়াত হোসেন, আব্দুল কাইয়ুম চৌধুরী, কে এফ এম রাজু ও মোবারক হোসেন। তারা রিহ্যাবকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের সভাপতি প্রার্থী ড. আলী আফজাল বলেন, সততা ও দক্ষতার সমন্বয়ে রিহ্যাবকে সময়োপযোগী সংগঠনে রূপান্তর করা হবে। আবাসন খাতের বিভিন্ন জটিলতা নিরসনে রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ, কর ও ভ্যাট বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও জানান, নকশা অনুমোদন প্রক্রিয়া সহজ করা, এক শহর এক নীতির ভিত্তিতে আধুনিক নির্মাণ বিধিমালা প্রণয়ন এবং আবাসন ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার জন্য কাজ করা হবে। পাশাপাশি বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে।
সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আব্দুর রাজ্জাক সদস্যদের সম্পৃক্ততা বাড়ানো ও সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করতে বিশেষ কমিটি গঠন এবং সিনিয়র সদস্যদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, দ্রুত রিহ্যাব সেন্টারের নির্মাণ কাজ শুরু করা এবং এর আগে অস্থায়ীভাবে আধুনিক সুবিধাসম্পন্ন অফিস, সদস্য লাউঞ্জ ও ক্যাফেটেরিয়া চালু করা হবে। পাশাপাশি প্রশাসনিক কাঠামো আধুনিকায়ন, সদস্যদের সমস্যার দ্রুত সমাধানে হটলাইন চালু এবং দক্ষ সদস্যদের নিয়ে স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে।
বিদেশে আবাসন মেলা সম্প্রসারণ, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং ট্রেনিং স্কুলকে একাডেমিতে উন্নীত করে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে ফ্ল্যাট ক্রয়ে ক্যাশ ইনসেন্টিভ চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান।
অনুষ্ঠানে সহ-সভাপতি প্রার্থী শেখ সাদীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিচালক পদপ্রার্থীরাও এতে অংশ নেন।
ডিনার ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে সদস্যদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা রিহ্যাবকে দেশের অন্যতম সেরা সংগঠনে পরিণত করতে প্রগতিশীল প্যানেলের প্রতি সমর্থন জানান এবং নির্বাচনে পূর্ণ প্যানেলের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
৩০৪ বার পড়া হয়েছে