সদরপুরে তেল পাচার ভিডিওর কারণে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুরে তেল পাচারের ভিডিও ধারণের ঘটনায় দুই সাংবাদিককে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে সদরপুর থানা এলাকায় চ্যানেল এস-এর সাংবাদিক তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক আলমগীর হোসেন হামলার শিকার হন।
সাংবাদিকরা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা এলাকায় তেলের ডিলার মোহাম্মদ আলী মোল্যা ও তার ছেলে সামী মোল্যার তেল পাচারের ভিডিও ধারণ করার পর প্রথম দফা হামলার শিকার হন। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ করেন।
থানায় অভিযোগের পর শনিবার সকাল ১০টার দিকে আবারও থানায় গেলে, অভিযোগের জের ধরে ওই তেলের ডিলার ও তার সহযোগীরা থানার চত্বরে সাংবাদিকদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায়। পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে সাংবাদিকরা থানার চত্বরের সামনে সড়কে অবস্থান নিলে, রফিকুল ইসলাম মন্টু ও তার সহযোগী মোস্তাক বাবু তৃতীয় দফায় তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা এখনও কোনো বক্তব্য দেননি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, হামলার বিষয়টি নিয়ে সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
২০২ বার পড়া হয়েছে