নড়াইলে সরকারি শিশু পরিবারের শিশুদের মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশুদের মানসিক স্বাস্থ্য, সুরক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের মানসিক ট্রমা দূরীকরণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
নড়াইলে সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশুদের মানসিক স্বাস্থ্য, সুরক্ষা ও সার্বিক বিকাশে করণীয় শীর্ষক একটি সেমিনার বুধবার (১৭ জুন) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা প্রশাসন ও সরকারি শিশু পরিবার (বালক)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: সাফায়েত হোসেন তালুকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক এ.টি.এম মাসুদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু।
বক্তারা বলেন, পিতৃ-মাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের শুধু খাদ্য ও বাসস্থান নয়, তাদের মানসিক বিকাশ ও সামাজিক নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। নিয়মিত কাউন্সেলিং, মানসম্মত শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, শিশুদের যেকোনো ধরনের নির্যাতন, বুলিং ও মানসিক চাপ থেকে সুরক্ষিত রাখতে কঠোর মনিটরিং ব্যবস্থা জরুরি। এ জন্য সরকারি ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
এ সেমিনারে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিশু পরিবারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২২ বার পড়া হয়েছে