গাইবান্ধায় গাছ কাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় মামলা
বুধবার, ১৭ জুন, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ছোট ভবানীপুর এলাকায় জেলা পরিষদের গাছ কাটার ছবি ও ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক সাংবাদিককে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিও মুছে ফেলা এবং নগদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।
গাইবান্ধায় জেলা পরিষদের মালিকানাধীন গাছ কাটার ঘটনা নিয়ে ছবি ও ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় লিখিত এজাহার করেছেন দৈনিক মাতৃছায়া পত্রিকার বিশেষ প্রতিনিধি ও জনগণের খবর-এর বার্তা সম্পাদক ফয়ছাল রহমান জনি।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ছোট ভবানীপুর এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ২০টি ইউক্যালিপটাস গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফয়ছাল রহমান জনি ও তাঁর সহকর্মী জাহাঙ্গীর আলম। সেখানে ছবি ও ভিডিও ধারণের সময় অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাঁদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলা হয়। পাশাপাশি তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ঘটনার পরপরই গাইবান্ধা সদর থানা পুলিশ এজাহারে উল্লেখিত এক নম্বর আসামি মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আটক মুন্না দাবি করেছেন, কাটা গাছগুলো তাঁর মালিকানাধীন জমির। এ কারণে জব্দ করা গাছ এবং আটক ব্যক্তিকে গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে হস্তান্তর করা হবে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
১২৪ বার পড়া হয়েছে