কুমিল্লায় তীব্র গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ এমডির সঙ্গে কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবুর মতবিনিময়
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা মহানগর ও সদর উপজেলায় চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) নবনিযুক্ত চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
মঙ্গলবার কুমিল্লায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিমসহ স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে কুমিল্লা মহানগর ও সদর উপজেলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সৃষ্ট চরম দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। বক্তারা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংকট নিরসনের দাবি জানান।
কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, “গ্যাস মানুষের মৌলিক চাহিদার অন্যতম। কুমিল্লার জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি বাখরাবাদ কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই সংকট সমাধান করবে।”
এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি জানান, গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে এবং বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে