মোংলায় স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অফিস ভাঙচুর, আতঙ্কে শিক্ষার্থীদের স্কুল ত্যাগ
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের অফিস কক্ষ ভাঙচুরের পাশাপাশি শিক্ষার্থীরা আতঙ্কে স্কুল ছেড়ে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের পশ্চিম বাজিকর খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আয়োজিত সভায় হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। তবে একপর্যায়ে এক পক্ষের কিছু লোকজন জোরপূর্বক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে এবং কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে বলে অভিযোগ ওঠে। এরপরই দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে বিদ্যালয়ের অফিস কক্ষের আসবাবপত্র, আলমারি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরকারি নথিপত্র ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থীদের উপবৃত্তি, ভর্তি রেজিস্টার এবং মূল্যায়ন খাতাসহ গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষকরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় কয়েকজন শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।
হঠাৎ সংঘর্ষ ও ভাঙচুরের শব্দে শিশু শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় শতাধিক শিক্ষার্থী ভয়ে ক্লাসরুম ছেড়ে মাঠে ও আশপাশে ছুটে যায়। পরে শিক্ষকরা দ্রুত পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পাঠিয়ে দেন।
খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং উত্তেজনা কিছুটা কমলেও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
এ বিষয়ে এক পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন প্রক্রিয়া চলছিল, সেখানে এমন বিশৃঙ্খলা অত্যন্ত দুঃখজনক।
১২৩ বার পড়া হয়েছে