সর্বশেষ

সারাদেশ

জকিগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবককে ঘিরে উত্তেজনা, আটক ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে স্থানীয়দের হাতে আটক এক ভারতীয় কৃষককে উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল সীমান্ত এলাকায় নিখোঁজ এক যুবককে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটক ভারতীয় নাগরিক রঞ্জিত দাস (৬৫)কে ফেরত দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার ভোর থেকে উত্তরকুল দিগালীগ্রাম এলাকার বাসিন্দা আহমদ আলীর ছেলে ডিপজল (২৬) নিখোঁজ রয়েছেন। এলাকাবাসীর দাবি, তিনি ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এই ঘটনার পর নিখোঁজ যুবকের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভারতের কিন্নখাল বিওপির ৩১ নম্বর গেটসংলগ্ন শূন্যরেখার কাছে রঞ্জিত দাস নামে এক ভারতীয় কৃষককে দেখতে পেয়ে ক্ষুব্ধ স্বজনেরা তাঁকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। এতে দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ভারতীয় নাগরিককে নিজেদের হেফাজতে নেন। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী জানান, ডিপজল নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা বিএসএফের গুলির অভিযোগ তুললেও ভারতীয় বাহিনী তা অস্বীকার করেছে। তিনি বলেন, ক্ষুব্ধ স্বজনেরা একজন ভারতীয় নাগরিককে এপারে নিয়ে এলেও বিজিবির উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, নিখোঁজ যুবকের বিষয়ে পরিবার বা অন্য কারও পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। বিষয়টি জানার পর বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে। বিএসএফ জানিয়েছে, তারা কোনো বাংলাদেশি নাগরিককে আটক করেনি এবং সীমান্ত এলাকায় গুলি চালানোর ঘটনাও ঘটেনি।

সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বিষয়টি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন