বান্দরবানের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাইক্ষ্যংছড়ি থানার মোজাম্মেল হক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক।
বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক। বুধবার (১৭ জুন) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক পুলিশ কল্যাণ সভা শেষে জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বশীলতা এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জুন মাসের মূল্যায়নে তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মো. মোজাম্মেল হক বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় পুলিশকে জনতার পুলিশ হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। জনগণের আস্থা অর্জন এবং আইনশৃঙ্খলা রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, বরং নাইক্ষ্যংছড়ি থানার সব পুলিশ সদস্য ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও বলেন, এ স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। অপরাধমুক্ত সমাজ গঠন এবং জনগণের সেবায় তিনি কাজ করে যাবেন বলেও জানান।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ও পেশাদার পুলিশ সদস্যদের নিয়মিত মূল্যায়ন করা হয়। মো. মোজাম্মেল হক তার দায়িত্ব পালনে দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তার এ অর্জন অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
এদিকে, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা মো. মোজাম্মেল হককে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ আরও কার্যকর পুলিশি সেবা পাবেন।
১১১ বার পড়া হয়েছে