বরিশালসহ দক্ষিণাঞ্চলে তেলের সংকট তীব্র, বিপাকে জনজীবন
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে পেট্রোল, অকটেন ও ডিজেলের সংকট আবারও তীব্র আকার ধারণ করেছে।
প্রায় এক মাস ধরে চলা এ সংকট সাম্প্রতিক সময়ে আরও প্রকট হয়ে উঠেছে, ফলে জনজীবনে নানামুখী ভোগান্তি দেখা দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে অনেক মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনের চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত বা ট্যাংক পূর্ণ করার প্রবণতা দেখাচ্ছেন। এতে করে কৃত্রিম সংকট আরও বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে বরিশাল নগরীর অধিকাংশ পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে অথবা ‘তেল শেষ’ দেখিয়ে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় তারা বিক্রি চালিয়ে যেতে পারছেন না। এছাড়া চাহিদামতো তেল দিতে না পারায় অনেক সময় গ্রাহকদের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
তেলের এই সংকটের প্রভাব পড়েছে উপকূলীয় জেলা বরগুনা, কুয়াকাটা ও ভোলাসহ নদীবেষ্টিত এলাকাগুলোতেও। নৌযান ও ট্রলার চলাচল সীমিত হয়ে পড়েছে, যার ফলে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং ভাড়া কয়েকগুণ বেড়ে গেছে।
পাম্প মালিক ও তেল ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শিগগিরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তেল সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা ও মহানগর পর্যায়ের ২৯টি পেট্রোল পাম্পে সরকারি ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এতে তেল সরবরাহ ও বিতরণে শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে।
২০৬ বার পড়া হয়েছে