ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীর হাতে গৃহবধূ খুন
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীর হাতে মার্জিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূ খুনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মার্জিয়া ওই এলাকার মাদেক মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারগাতা এলাকার কানু মিয়ার ছেলে ও সিভিল সার্জন অফিসের গাড়িচালক স্বাধীন মিয়ার সাথে দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে মার্জিয়ার বিয়ে হয়।
নিহতের বাবা মাদেক মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বাধীন বিভিন্ন সময় মার্জিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত বুধবার (১৮ মার্চ) মার্জিয়াকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলে স্বাধীন।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) পুনরায় বেধড়ক মারধর করলে একপর্যায়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, অভিযুক্ত স্বাধীন অত্যন্ত উগ্র প্রকৃতির এবং সে প্রায়ই তার বাবা-মাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দিত।
ঘটনার দিন সকালে মার্জিয়াকে বাবার বাড়ি থেকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে স্বাধীন এবং পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার নাটক সাজানোর চেষ্টা করে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়ানাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
২০৭ বার পড়া হয়েছে