শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১
সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযানটি চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে মো. ফরিদ (৪৫) নামে এক ব্যক্তিকে ৭৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস সিএনজিও জব্দ করা হয়। আটক ফরিদ শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। জব্দকৃত সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে প্রায় ৩ হাজার ১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
২০৫ বার পড়া হয়েছে