খালেদা জিয়ার মৃত্যুতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের শোক প্রকাশ
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার অসামান্য রাজনৈতিক অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়ার আপোসহীন ও দূরদর্শী নেতৃত্ব শুধু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, প্রজাতন্ত্রের কর্মচারীবান্ধব নীতি গ্রহণ এবং বিনা বেতনে শিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে তিনি দেশ ও জাতির কল্যাণে অতুলনীয় অবদান রাখেন।
এছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি, সমৃদ্ধি ও আঞ্চলিক ঐক্য নিশ্চিত করতে সার্ককে সক্রিয় করার উদ্যোগ ছিল তাঁর দূরদর্শী নেতৃত্বের এক উল্লেখযোগ্য দিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
শোকবার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ মাহে আলম এবং মহাসচিব মো. হান্নান সরদার।
২৫৫ বার পড়া হয়েছে