টিউলিপ সিদ্দিককে দুদকের জিজ্ঞাসাবাদের জন্য তলব
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা এক মামলায় যুক্তরাজ্যের এমপি ও শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগে আগামী ১৪ মে সকাল ১০টায় টিউলিপ সিদ্দিককে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে অনুরোধ জানানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন গত ৭ মে টিউলিপ সিদ্দিকের ধানমন্ডি ও গুলশান-২ এলাকার ঠিকানায় এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
একই মামলায় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সর্দার মোশাররফ হোসেনকেও একই দিনে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।
উল্লেখ্য, গুলশানের একটি প্লট ‘অবৈধভাবে হস্তান্তর’ করার বিনিময়ে ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সর্দার মোশাররফ হোসেন।
৪২৯ বার পড়া হয়েছে